• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
ব্রেকিংঃ
মুক্তিযুদ্ধের চেতনা বুকে ধারণ করে, সারাদেশে জেলা থেকে দ্রুততম সামা‌জিক ও অনলাইন নেটওয়ার্ক ভি‌ত্তিক পত্রিকা (নিউজ পোর্টাল) "সনাতন ট্রিবিউন/ Sanatan Tribune" এ সংবাদকর্মী নেওয়া হচ্ছে। এক্ষেত্রে যারা উদ্যমী, সব সময় নতুনত্বকে পছন্দ করেন, তথ্য ও সত্যকে আবিষ্কার করতে চান, জনদুর্ভোগ নিয়ে কথা বলতে চান, অন্যায় অত্যাচার এবং দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার মূলত তাদেরকেই আমরা এই আহ্বান জানাচ্ছি।

নারায়ণগঞ্জে মন্দিরে ভক্ত প্রবেশে বাধা নীট কনসার্ন গ্রুপের পরিচালক আটক

নিজস্ব প্রতিবেদক / ১৬ Time View
Update : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

সনাতন ট্রিবিউন: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে লক্ষ্মীনারায়ণ কটন মিলের দুর্গামন্দিরে প্রবেশে বাধা ও ভাঙচুরের অভিযোগে নীট কনসার্ন গ্রুপের একজন পরিচালক ও একজন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ।

গতকাল বুধবার (১১ই নভেম্বর) দুপুরে তাদের হেফাজতে নেয় সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে বলে সন্ধ্যা পৌনে ৬ টায় দিকে জানান অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী।

জিজ্ঞাসাবাদের জন্য নীট কনসার্ন গ্রুপের পরিচালক মনির হোসেন মোল্লা ও সিকিউরিটি ইনচার্জ ইব্রাহিম নামে দুইজনকে থানা হেফাজতে নেওয়ার কথা জানিয়ে এ পুলিশ কর্মকর্তা বলেন, “মন্দির কমিটি ও নীট কনসার্ন গ্রুপের মধ্যে জমিসংক্রান্ত যেই জটিলতা রয়েছে সে বিষয়ে আমরা কথাবার্তা বলছি। বিষয়টিকে কীভাবে সমাধান করা যায় সেটা দেখছি। পরবর্তীতে আটককৃতরা আপসনামায় স্বাক্ষর করে ছাড়া পান।

অন্যদিকে, মন্দির কমিটির পক্ষ থেকেও ভাঙচুর ও মন্দিরে প্রবেশে বাধার অভিযোগ দিয়েছেন, ওই ব্যাপারে পদক্ষেপ গ্রহণের কার্যক্রম চলছে।” এর আগে ১০ নভেম্বর ২০২৬ মঙ্গলবার সন্ধ্যায় লক্ষ্মীনারায়ণ কটন মিলসের ভেতরে দুর্গা মন্দিরে নতুন তালা লাগিয়ে প্রবেশে বাধা ও ভাংচুর করা হয় বলে অভিযোগ করেন লক্ষ্মী নারায়ণ কটন মিলস দুর্গা মন্দির কমিটির সভাপতি মিন্টু দাস এবং সাধারণ সম্পাদক এড: তরুণ লাল বেগী।

তিনি সনাতন ট্রিবিউন কে বলেন, প্রশাসনের নির্দেশনা উপেক্ষা করে মঙ্গলবার মন্দিরের গেইটে আগের তালা সরিয়ে নতুন তালা লাগিয়ে দেয় নীট কনসার্ন গ্রুপের লোকজন।

ওই সময় গ্রুপের পরিচালক মনির হোসেন মোল্লাসহ তাদের লোকজন মন্দিরের ভেতরের সজ্জা ও প্যান্ডেল ভাংচুর করেন। পরে স্থানীয়রা প্রতিবাদ করে পুলিশে খবর দিলে দলবল নিয়ে তারা সেখান থেকে চলে যান।

এর আগে গত ৪ অক্টোবর নীট কনসার্ন গ্রুপের বিরুদ্ধে মন্দিরের জমি দখলের চেষ্টার অভিযোগ তুলে প্রতিবাদস্বরূপ দুর্গাপূজায় প্রতিমা বিসর্জন না দেওয়ার সিদ্ধান্ত নেয় মন্দির কমিটি। যদিও শেষমুহুর্তে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের আশ্বাসে প্রতিমা বিসর্জন দেওয়া হয় বলে জানান তরুণ।

গত ২৬শে অক্টোবর মন্দির কমিটি ও হিন্দু নেতাদের নিয়ে বৈঠক করেন জেলা প্রশাসনের কর্মকর্তারা। সভা শেষে মন্দির কমিটির সভাপতি মিন্টু চন্দ্র দাস সনাতন ট্রিবিউন কে জানিয়েছিলেন, মন্দিরের জমি-সংক্রান্ত সমস্যার স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত ওই এলাকায় নতুন স্থাপনা নির্মাণ বন্ধ রাখার নির্দেশনা দিয়েছেন প্রশাসনের লোকজন। একইসঙ্গে মন্দির ও ভক্তদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

গেজেট অনুযায়ী বিদ্যালয়, মসজিদ ও মন্দিরের জমি সংরক্ষণের আশ্বাসও দেওয়া হয়। একইসঙ্গে নীট কনসার্ন গ্রুপকেও সতর্ক করা হয়।

স্থানীয় সনাতন ধর্মাবলম্বী ও লক্ষ্মী নারায়ণ কটন মিলসের শেয়ারহোল্ডারদের সঙ্গে কথা বলে জানা গেছে, ১৯৭২ সালে লক্ষ্মী নারায়ণ কটন মিলস রাষ্ট্রায়ত্ত করা হয়। দীর্ঘ সময় লোকসান গোনার পর ২০০০ সালে সরকার কারখানাটির মালিকানা ৫১০ জন শ্রমিক ও কর্মচারীদের মধ্যে হস্তান্তর করে। পরে ২০১২ সালে নিট কনসার্ন গ্রুপ একজন বিনিয়োগকারী হিসেবে এ কারখানা পরিচালনার সঙ্গে যুক্ত হয়।

গত অক্টোবরে মন্দির কমিটি থেকে ডিসি-এসপিকে দেওয়া চিঠিতে বলা হয়, “শুরু থেকেই নিট কনসার্ন গ্রুপ জোর করে মন্দির, পুকুর ও মাঠের জায়গা দখলের চেষ্টা করছে। এটি বাংলাদেশ হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট কর্তৃক নিবন্ধিত হলেও সনাতনীদের প্রবেশ নিষেধ করে মন্দিরের চারদিকে সীমানা প্রাচীর বানিয়েছে।

২০২৩ সালের ১৭ই জুন মন্দিরে ভাংচুরও চালানো হয়।” এ বিষয়ে স্থায়ী সমাধানের জন্য আগেও বিভিন্ন সময় প্রশাসনের কাছে লিখিত দিয়েও ‘আশ্বাসের বাইরে আর কিছু মেলেনি’ অভিযোগ করে মন্দির কমিটির সাধারণ সম্পাদক তরুণ লাল বেগী বলেন, “আগেও একাধিকবার ভাংচুর হয়, শেয়ারহোল্ডারদের বাড়িঘরে হামলা চালিয়েছে নীট কনসার্ন গ্রুপ। কিন্তু বিগত আওয়ামী লীগ সরকারের সঙ্গে সখ্যতা থাকার কারণে প্রশাসনের পক্ষ থেকে তেমন কোনো সহযোগিতা করা হয়নি। আমরা বিষয়টি প্রধানমন্ত্রীর কার্যালয়েও অবগত করেছি।

এদিকে, সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মজিবুর রহমান বলেন, “বিষয়টি নিয়ে কাজ করছে পুলিশ। মন্দিরের ভেতরে প্রতিমা ভাঙচুর করা হয়নি। কাপড় দিয়ে সজ্জা ও প্যান্ডেল অপসারণ করা হয়েছে। মন্দিরে প্রবেশের অভিযোগও আমরা পেয়েছি। এ বিষয়ে নীট কনসার্নের দুইজনকে আমরা থানা হেফাজতে রেখেছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।”

এদিকে, মন্দিরের জমি দখলের চেষ্টা ও ভাংচুরের অভিযোগ নিয়ে জেলা প্রশাসক মো. রায়হান কবির এর সঙ্গে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নেতারা বৈঠক করেছেন বলেও জানান এড: তরুণ লাল বেগী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের খবর পেতে খুঁজুন
bditwork.com