সনাতন ট্রিবিউন: সংখ্যালঘু প্রতিনিধি হিসেবে এমন ব্যক্তদের প্রাধান্য দেওয়া হচ্ছে, যাঁরা গত ১৫ বছরেও 'সংখ্যালঘু' শব্দটাই উচ্চারণ করেননি।
সনাতন ট্রিবিউন কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি বলেন, সংখ্যালঘু প্রতিনিধি হিসেবে সুবিধাবাদীদের প্রাধান্য দেওয়ার তীব্র সমালোচনা করেছেন বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোটের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাজীব চন্দ্র সাহা।
আজ ২৬শে নভেম্বর বৃহস্পতিবার সনাতন ট্রিবিউন কে পাঠানো এক সাক্ষাৎকারে তিনি বলেন, "আজ সংখ্যালঘু প্রতিনিধি হিসেবে এমন লোকজনকে প্রাধান্য দেওয়া হচ্ছে, যাঁরা গত ১৫ বছরেও 'সংখ্যালঘু' শব্দটাই উচ্চারণ করেননি। ঘোড়া দিয়ে যেমন হাল চাষ হয় না, তেমনি যোগ্য ও সাহসী নেতৃত্বের বদলে সুবিধাবাদীদের সুযোগ দিলে সমস্যার সমাধান আসবে না।"
সাক্ষাৎকারে উল্লেখ করেন, স্বাধীনতার পর কোনো সরকারই সংখ্যালঘুদের মৌলিক সংকট সমাধানে কার্যকর উদ্যোগ নেয়নি; সবকিছু কেবল পূজায় নামমাত্র বরাদ্দ ও সাময়িক আশ্বাসে সীমাবদ্ধ থেকেছে। বিবিএস-এর তথ্য অনুযায়ী, ১৯৫১ সালে সংখ্যালঘু জনগোষ্ঠী ২১ শতাংশের বেশি থাকলেও ১৯৭৪ সালে তা ১৪ দশমিক ৬ শতাংশে এবং ২০২২ সালের শুমারিতে কমে মাত্র ৮ দশমিক ৯৬ শতাংশে (হিন্দু ৭ দশমিক ৯৫ শতাংশ) দাঁড়িয়েছে।
শত প্রতিকূলতার মাঝেও দেশে টিকে থাকার জন্য অসাম্প্রদায়িক মানুষ ও সৎ ইচ্ছাসম্পন্ন সরকারগুলোর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, বাংলাদেশ অন্তত আফগানিস্তান বা পাকিস্তানের মতো অবস্থায় পৌঁছায়নি, যেখানে সংখ্যালঘুরা ৩ শতাংশের নিচে নেমে এসেছে। তবে এ অবস্থার দায় সংখ্যালঘুদেরও নিতে হবে। একচেটিয়া রাজনৈতিক পক্ষপাতিত্ব, চাটুকারিতা ও প্রতিবাদের অভাব এবং পাশের দেশে চলে যাওয়ার মানসিকতার কারণে নিজ মাতৃভূমি আঁকড়ে ধরার প্রবণতা কমে গেছে। পাশাপাশি সংখ্যালঘুদের এ দেশে স্থায়ীভাবে বসবাসের আস্থা ফেরাতে সরকার বা মানবাধিকারকর্মীদের কোনো দীর্ঘমেয়াদি উদ্যোগও দেখা যায়নি।
সাক্ষাৎকারের শেষাংশে তিনি বলেন, "ক্ষমতাসীন সরকারগুলো সংখ্যালঘুদের বিষয়ে এমন ব্যক্তিদের প্রাধান্য দেয়, যাঁরা এই সম্প্রদায়ের সংকট নিয়ে কোনো ধারণা রাখেন না বা গবেষণা করেন না। সরকারের তোষামোদকারী ও ক্ষমতাভোগীদের দিয়ে কখনো স্থায়ী সমাধান সম্ভব নয়। দাবি-দাওয়ার বিষয়ে সরকার বরাবরই উদাসীন এবং এই বিশেষ সুবিধাভোগীদের কার্যক্রমও কেবল লোকদেখানো আশ্বাসে সীমাবদ্ধ। এই সিন্ডিকেটের কারণেই সংখ্যালঘুরা বছরের পর বছর অধিকার বঞ্চিত হয়ে আছে।
সনাতন ট্রিবিউন এর বিশেষ সাক্ষাৎকারে রাজীব চন্দ্র সাহা সাধারন সম্পাদক বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট, কেন্দ্রীয় কমিটি ঢাকা।